স্টাফ রিপোর্টার:
ঈদ সামনে রেখে ইতোমধ্যে কুমিল্লা নগরীর বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে বেড়েছে জনসমাগম। নগরবাসী ঈদ উৎসবের কেনাকাটায় ব্যস্ত। এইদিকে ঈদের ছুটিতে ঘরমুখী হচ্ছে মানুষ। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দূরপাল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা নির্বিঘ্নে করতে পারে সেজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিরাপত্তায় কাজ করছে র্যাব-পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আলেখাচর বিশ্বরোড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে কুমিল্লা ১১ সিপিসি ২। এই সময় র্যাবের সদস্যরা বিভিন্ন গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির ভিতরে তল্লাশি করে।
বিশেষ করে কুমিল্লার বিভিন্ন শপিং মল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওঁৎ পেতে থাকা পকেটমার ও ছিনতাইকরীদের দৌরাত্ম্য বন্ধ করতে রমজানের শুরু থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের কেনাকাটা করতে যাওয়া জনসাধারণ ও বিভিন্ন ব্যবসায়ীর নিরাপত্তায়ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে র্যাব সদস্যরা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, শপিংমলসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় র্যাবের টহল টিম কাজ করছে। এইছাড়া নগরী ও মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।












