বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের নামুইট ও দলগাছা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে নিহাল সরদার (১৭) এবং নাটোরের লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে সিজানুর রহমান (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম এম কেজি অ্যান্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সিজানুর রহমান নন্দীগ্রামের সিধইল গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। বুধবার সকালে তিনি ও নিহাল মোটরসাইকেলযোগে শিমলা বাজারের দিকে রওনা হন। পথে নামুইট–দলগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।












