শিশুদের হামের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, অব্যবস্থাপনা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আবেদন দাখিল করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী—বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর—দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, হামের টিকা ও সিরিঞ্জ ক্রয় ও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির সম্ভাবনা রয়েছে। জনস্বার্থে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি অনুরোধ জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় টিকা সংকটের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও টিকা সরবরাহ ও ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।
আবেদনকারীদের ভাষ্য অনুযায়ী, টিকা ক্রয় প্রক্রিয়ায় পূর্বপরিকল্পনার ঘাটতি, সময়মতো সরবরাহ না পাওয়া এবং অর্থের সঠিক ব্যবহার না হওয়া অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।












