টাঙ্গাইলের বাসাইলে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটেছে উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে। নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়দের তথ্যমতে, সন্ধ্যায় টাঙ্গাইল থেকে আসা সিএনজি কাশিলের চায়না ফ্যাক্টরির সামনে পৌঁছালে বাসাইল থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শামীমের মৃত্যু হয়। আহত আরোহীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।












