কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ-১ থেকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন আসাদুজ্জামান।

চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো.আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে অধ্যক্ষ মো. কামরুজ্জামান (আওয়ামী লীগ), ১৯৯১ সালে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ২ জুনের নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি) নির্বাচিত হন। এরপর ২০০১ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।