স্টাফ রিপোর্টার:
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে কুমিল্লায় এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে স্মরণসভাটি কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, সদস্য সচিব জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোঃ কাইমুল হক রিংকু, সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অভিভাবক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নেতারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। একজন আহত ছাত্র বলেন, “আমরা যারা আন্দোলনে আহত হয়ে পঙ্গু হয়ে বেঁচে আছি, আমাদের জীবনে এখনো নিরাপত্তা নেই। ফ্যাসীবাদী সরকারের লোকেরা আমাদের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানাই। যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তবে ৫ আগস্টের মতো আরেকটি গণঅভ্যুত্থান হবে।”
তিনি আরও বলেন, “যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে, তা সফল করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”












