কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির ৬০ বিশ্ববিদ্যালয় ইলন মাস্কের এক্স বয়কট করল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জার্মানির ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান সামাজিকমাধ্যম এক্সে পোস্ট না করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছিল তারা। তবে জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে মাস্কের হস্তক্ষেপের অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে ডানপন্থি উত্থান, উগ্র জাতীয়তাবাদ এবং গণতন্ত্রবিরোধী কনটেন্ট প্রচারের অভিযোগে এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মের ওপর সমালোচনা বাড়ছে।

জার্মানির পাবলিক ব্রডকাস্টার আরবিবি ও ফেডারেল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি কমিউনিকেশনস এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘মুক্ত আদান-প্রদানের পরিবেশ এক্স প্ল্যাটফর্মে আর নেই। কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে প্ল্যাটফর্মটি এখন ঘৃণা, বিভ্রান্তি এবং উস্কানিমূলক কনটেন্ট ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে।’

পটসডাম বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সিলকে এঙ্গেল বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এক্স পর্যবেক্ষণ করছি। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে কয়েক মাস ধরে আমরা আগের মতো সক্রিয় ছিলাম না। এখন দেখা যাচ্ছে, এক্স আর তথ্যভিত্তিক আলোচনা ও স্বচ্ছতার জায়গা নয়।”

জার্মানির দুটি প্রধান শ্রমিক ইউনিয়ন—ইউনিফাইড সার্ভিস সেক্টর ইউনিয়ন (ভার্ডি) এবং এডুকেশন অ্যান্ড সায়েন্স ইউনিয়ন (জিইডব্লিউ)—প্রায় ১৫ বছর ধরে এক্স ব্যবহার করার পর প্ল্যাটফর্মটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

এই দুই সংগঠন এক্সকে ‘ডানপন্থি চরমপন্থা, ঘৃণা, উস্কানি, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ফোরাম’ হিসেবে অভিহিত করেছে। তারা জোর দিয়ে বলেছে, প্ল্যাটফর্মটি গণতন্ত্রবিরোধী আচরণকে অগ্রাধিকার দিচ্ছে এবং এটি ক্রমেই স্পষ্ট হচ্ছে।

সম্প্রতি এক্সে একটি পোস্টে ইলন মাস্ক বলেন, ‘ফার-রাইট অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পার্টিই জার্মানিকে বাঁচাতে পারে।’ এই মন্তব্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জার্মান নির্বাচনে মাস্কের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এছাড়া গত নভেম্বরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার ভেঙে পড়ার পর মাস্ক টুইট করেছিলেন, “ওলাফ বোকা।”

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাস্ক জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডি-র প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এক্সে এএফডি নেতা এলিস ওয়েইডেলের সঙ্গে এক অনলাইন আলোচনায় তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে যদি কেউ অসন্তুষ্ট হন, তাহলে পরিবর্তনের জন্য ভোট দেওয়া জরুরি। এজন্য আমি এএফডিকে সমর্থন করার পরামর্শ দিচ্ছি।”

প্ল্যাটফর্মটি মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সমালোচনা করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও এক্স বয়কটের ঘোষণা দিয়েছে।