কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কোনো পররাষ্ট্রনীতি গ্রহণ করা উচিত নয়: কুমিল্লায় উপদেষ্টা আসিফ

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১১, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কোনো পররাষ্ট্রনীতি গ্রহণ করা উচিত নয়। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতের সম্পর্কগুলো এগিয়ে নেওয়া হবে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত “ফিনান্সিয়াল ইনক্লুশন এন্ড রুরাল ট্রান্সফরমেশন” বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। এজন্য স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বার্ড আয়োজিত কর্মশালায় দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এলজিআরডি মন্ত্রণালয়, বার্ড এবং আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে অংশ নিয়েছে। কর্মশালায় ১২টি দেশের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, যার মধ্যে জাম্বিয়া, ওমান, নামিবিয়া, কেনিয়া, ঘানা, গাম্বিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন এলজিআরডি উপদেষ্টা।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

বক্তারা বলেন, এই আন্তর্জাতিক কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা গ্রামীণ উন্নয়নের অর্থনৈতিক ধারণাগুলো ভাগাভাগি করেছেন। এতে প্রতিটি দেশের প্রতিনিধি তাদের অভিজ্ঞতাগুলো নিজ নিজ ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, যা উন্নয়নের জন্য সহায়ক হবে।