কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনসমুদ্রে বন্দি লাল-সবুজ বাস: ১৯৫ মিনিটে মাত্র ৪ কিলোমিটার যাত্রা!

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বিমানবন্দর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকার গণসংবর্ধনা মঞ্চে পৌঁছাতে তাকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো, তা সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে বিরল। লাখো মানুষের ভালোবাসার চাপে মাত্র চার কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লেগেছে দীর্ঘ সোয়া ৩ ঘণ্টা (১৯৫ মিনিট)।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়েই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেন তিনি। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই বিমানবন্দরের সামনের একটি ঘাসযুক্ত বাগানে গিয়ে জুতা খুলে খালি পায়ে দাঁড়ান তারেক রহমান। পরম মমতায় এক দলা মাটি হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করেন তিনি। ১৭ বছর পর জন্মভূমির মাটির ঘ্রাণ নেয়ার এই দৃশ্য উপস্থিত হাজারো নেতাকর্মীকে আবেগাপ্লুত করে তোলে।

বাসের জানালার পাশে দাঁড়িয়ে পুরো পথ হাত নেড়ে মানুষের অভিবাদনের জবাব দেন তারেক রহমান। জনস্রোত এতটাই ঘন ছিল যে, বাসটি কয়েক গজ এগোতেই থেমে যাচ্ছিল বারবার। সেনা সদস্যদের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও মানুষের ভিড় ঠেলে এগোতে হিমশিম খেতে হয় চালককে। ঘড়ির কাঁটায় যখন বিকেল ৩টা ৫০ মিনিট, তখন লাল-সবুজ বাসটি ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’র গণসংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছায়। অর্থাৎ, প্রতি কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ৪৮ মিনিট সময় লেগেছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেনাবাহিনীর সদস্যরা পুরো পথ তাকে নিরাপত্তা দিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যান। নেতাকর্মীদের উচ্ছ্বাস সামাল দিতে হিমশিম খেলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তিনি মঞ্চে পৌঁছাতে সক্ষম হন।