ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কাজ করা হচ্ছে।”
বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বিশ্বজুড়ে আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন ও বাণিজ্য বাধা এশিয়ার জন্য নতুন অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি ও ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় এশিয়ার ঋণ সংকট আরও তীব্র হচ্ছে।”
তিনি এশিয়ার দেশগুলিকে একত্রিত হয়ে বহুপাক্ষিক সমাধানমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এসময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়নের ওপরও জোর দেন তিনি।
চার দিনের সরকারি সফরে গত বুধবার (২৬ মার্চ) ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা চীনের হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাঁকে স্বাগত জানান।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউর সঙ্গে বৈঠক করেন। এছাড়াও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা হয়।
২৯ মার্চ ড. ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং সেখান থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করবেন। এছাড়াও তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
২৯ মার্চ চার দিনের সফর শেষে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।












