কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৯, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কোনো কোনো মিডিয়া সেটিকে আবার প্রোমোট করছে। এটা বন্ধ করতে হবে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের শক্তি ও সাহসকে একত্রিত করে দেশের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না, এবং তা হতে হবে সংসদীয় ব্যবস্থার মাধ্যমে। এজন্য সুষ্ঠু নির্বাচন জরুরি।

তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের লক্ষ্যে অনেক কমিশন গঠন করা হয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুযোগ আমাদের হারানো উচিত নয়।

তিনি আরও বলেন, এই সরকারকে সময় দিতে হবে কারণ তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। কিছু মিডিয়া কোনো সফলতা দেখতে পায় না, কিন্তু সবকিছু একসঙ্গে সম্ভব নয়। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ধৈর্য ধরুন।