ডেস্ক রিপোর্ট:
মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের উত্তরবিরাঙ্গন গ্রামে পরকীয়ার জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই। এই ঘটনার পর গত দুই দিন ধরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের সামসুদ্দিন সরদারের ছেলে যাচ্চু সরদার তার ছোট ভাই পান্নু সরদারের স্ত্রী মাহিনুর আক্তারকে নিয়ে পালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের সামসুদ্দিন সরদারের ছেলে ইতালি প্রবাসী পান্নু সরদারের সাথে মাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।
স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে ৫ বছর আগে পান্নু সরদার ইতালি চলে যান অর্থ উপার্জনের জন্য। কিছুদিন পরেই বাচ্চু ও মাহিনুরের মধ্যে পরকীয়া প্রেম শুরু হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে, যাচ্চু তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর মতে, অভিযুক্ত যাচ্চু ও মাহিনুর এখন গাজীপুরের টঙ্গীতে বসবাস করছেন। জানা গেছে, যাচ্চু সরদারের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। তবে স্ত্রী-সন্তানকে উপেক্ষা করে সে তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করছে।
ধুরাইল ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান মুন্সী বলেন, ‘‘যাচ্চু সরদার ও মাহিনুরের কর্মকাণ্ড খুবই জঘন্য। তাদের এই কুকীর্তি জানাজানি হওয়ায় তারা এখন গ্রাম থেকে শহরে চলে গেছে। শুনেছি, মাহিনুর তার স্বামী পান্নুকে ডিভোর্সও দেয়নি।”
অভিযুক্ত যাচ্চুর স্ত্রী শিল্পী আক্তার বলেন, ‘‘আমার স্বামী প্রতারক। সে আমাদের সংসারে থাকাকালীন সময়েই তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। আমাদের দুটি সন্তান রয়েছে। স্ত্রীর কথা চিন্তা না করে সে এখন তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে বসবাস করছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধরও করেছে, এমনকি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।’’ তিনি আরো বলেন, ‘‘আমি টঙ্গী থানায় একটি মামলা করেছি, যা বর্তমানে চলমান। যাচ্চুর একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কও ছিল। প্রতিবাদ করলে আমাকে মারধর করত। এখন আমি বাবার বাড়িতে বসবাস করছি।’’
ভুক্তভোগী প্রবাসী পান্নু সরদার বলেন, ‘‘আমি ৫ বছর ধরে ইতালিতে থাকি, স্ত্রীর ও সন্তানের মুখে হাসি ফোটাতে কষ্টের জীবন কাটাচ্ছি। কিন্তু সেই স্ত্রীই মেয়েকে ফেলে আমার বড় ভাই যাচ্চু সরদারের সঙ্গে পরকীয়া করে টাকাপয়সা, স্বর্ণ-গহনা নিয়ে পালিয়েছে। আমি প্রবাসে থাকার কারণে আমার বড় ভাই আমার স্ত্রীর সঙ্গে পালিয়েছে, তার একটুও বুক কাঁপল না। কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে?’’
এ বিষয়ে জানতে অভিযুক্ত যাচ্চু সরদারকে ফোন করলে, তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘‘যাচ্চু সরদার তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে, এই ঘটনা সত্য। এটি একটি জঘন্যতম কাজ। তাদের সামাজিক ও আইনিভাবে বিচার হওয়া উচিত। আমি বিষয়টি জানার পর সামাজিকভাবে বসতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তারা এখান থেকে পালিয়ে গেছে।’’
সূত্র: যুগান্তর











