ছুটিতে দেশে এসে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন।
শনিবার (১৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে ভিসা নবায়ন করা যাবে। অনেক ক্ষেত্রে এই আবেদন অনলাইনে করার সুবিধাও রাখা হয়েছে।
এরইমধ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক দিক বিবেচনা করে বড় ঘোষণা দিয়েছে। যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাস বাড়িয়ে দিয়েছে দেশগুলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আঞ্চলিক অস্থিরতা এবং এর ফলে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয়। সরকারের এই প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসীদের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিলম্ব না করে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


.












