স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি চাঙ্গেনী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়৷
সহকারী প্রকৌশলী মো: তোফাজ্জল হোসেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলার চাঙ্গেনী মোড় এলাকার সুলতান আহম্মদের ছেলে। তিনি কুসিকের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিস্কৃত যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় দুটি মামলা হয়। এসব মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তবে দুটি মামলায় আসামি হলেও তিনি কর্মস্থলে নিয়মিত অফিস করতেন। এছাড়াও নগরীর ১১ নং ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার প্রকৌশলী তোফাজ্জল, ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গেনী এলাকায় ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তিনি ওই মামলায় জামিনে আছেন। সোমবার সকালে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।












