স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানদার ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় অবস্থিত প্রীতি জুয়েলার্সে ডাকাতির এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানটির মালিক রবীন্দ্র দত্ত।
এদিকে, ডাকাতি শেষে পালানোর সময় কায়সার নামে এক ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। আটক ডাকাত কায়সার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।
জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলে। স্বর্ণালঙ্কার বের করার একপর্যায়ে দোকানদার ও কর্মচারীদের অস্ত্রের মুখে ধরে তারা স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানদার মোশারফ হোসেন বিষয়টি টের পেয়ে অন্যান্যদের নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।
ডাকাতরা পালানোর সময় বাজারের লোকজনের ধাওয়ায় এক ডাকাতকে জনতা আটক করে এবং অপর ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেফতার ও লুট করা স্বর্ণ উদ্ধারের জন্য কাজ চলছে।












