কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ মার্চ ২০২৬ তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে ভোররাত ২টার দিকে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় টহল দেয়। এসময় ভারত থেকে কয়েকজন পাচারকারী বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এছাড়া একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে শনিবার সকাল ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি গরু জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

.