কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনের আধিপত্য কমাতে ব্রাজিলের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে ভারতের সই

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সম্পদে সহযোগিতা বাড়াতে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও ব্রাজিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ওপর নির্ভরতা কমানোর কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ভারত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মোদি এক বিবৃতিতে বলেন, এই চুক্তি গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

বিশ্বে বিরল খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে চীন-এর শক্ত অবস্থান রয়েছে। সাম্প্রতিক সময়ে রপ্তানিতে নিয়ন্ত্রণ বৃদ্ধি করায় উচ্চপ্রযুক্তি শিল্প ও প্রতিরক্ষা খাতে এসব খনিজের প্রাপ্যতা নিয়ে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক বিবৃতিতে জানান, নবায়নযোগ্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধিই এই চুক্তির মূল লক্ষ্য।

খনিজ চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে অবকাঠামো সম্প্রসারণ ও শিল্পায়নের গতি বাড়ায় ভারতে লৌহ আকরিকসহ বিভিন্ন খনিজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রেলিয়ার পর ব্রাজিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লৌহ আকরিক উৎপাদক ও রপ্তানিকারক দেশ।

উল্লেখ্য, লুলা তিন দিনের সফরে নয়াদিল্লি সফর করছেন। এর আগে জুলাই মাসে মোদি ব্রাজিল সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একমত হন দুই নেতা।