ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। প্রায় সোয়া এক ঘণ্টার এই অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে পৌনে ১১টায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর যান চলাচল শুরু হয়।
দুপুর পৌনে ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে।
ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক অভিযোগ করেন, দুই মাস ধরে কারখানাটি অনিয়মিতভাবে চলছে। তাই শুক্রবার তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ-প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
এদিকে, শুক্রবার কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সম্মেলন থাকায় মহাসড়ক দিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন জানান, শুক্রবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। তাদের কথার উপর ভরসা করে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান। শুক্রবার জুমার দিন হওয়ায় মহাসড়কের যানজট নিরসনে বিএনপি নেতাকর্মীরা কাজ করেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে। দুপুরের মধ্যে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।












