কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি-মাদক দমনে জিরো টলারেন্স, কঠোর নির্দেশ আইজিপির

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা মাদক-সম্পর্কিত অপরাধে কেউ জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না। জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়।