চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছানোর আগেই একটি লঞ্চে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। পরে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এ ঘটনা ঘটে। প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, মতলবের চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চেই তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয় এবং সেখানেই সন্তান প্রসব সম্পন্ন হয়।
লঞ্চটি ঘাটে পৌঁছালে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক সুস্থ থাকলেও প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, মানবিক দৃষ্টান্ত হিসেবে লঞ্চ মালিকপক্ষ পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও নবজাতকের জন্য উপহার প্রদান করেছে। পাশাপাশি শিশুটির জন্য ভবিষ্যতে লঞ্চে যাতায়াত ফ্রি রাখার ঘোষণা দেওয়া হয়েছে।












