কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


চাঁদপুর সদরে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে সদরের চান্দ্রা ইউনিয়নে বিল্লাল খানের হ্যাচারিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস। তারা দুজনেই বন্ধু। অমি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হ্যাচারিসংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা মোটরসাইকেলের আরোহী দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, নিহত যুবকদের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।