কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবিতে ঝিরি ব্যবহার করে গাছ পাচারের চেষ্টা, উদ্ধার ৭৪টি গুঁড়ি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ‘পুষ্পা’ সিনেমার কায়দায় ঝিরি দিয়ে বিপুলসংখ্যক গাছের গুঁড়ি পাচারের চেষ্টা করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনীর হাতে জব্দ হয়েছে ৭৪টি গাছের গুড়ি।

ঝিরি দিয়ে পাচার করা হচ্ছে গাছের গুঁড়ি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছন দিয়ে প্রবাহিত ঝিরিতে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২২-২৩ সেশনের একদল শিক্ষার্থী ক্যাম্পাস ভ্রমণে বের হন। ঝিরির কাছে পৌঁছালে তারা স্রোতের তীব্র শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখতে পান, প্রবল স্রোতের সঙ্গে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি ভেসে যাচ্ছে।

এরপর তারা মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন-যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে ধারণকারীর সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা হয়। পরে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়।

তবে সেখানে কিছু না পেয়ে টহল টিম ও ক্যাম্পাস সাংবাদিকরা ঝিরি ধরে কিছুদূর এগোনোর সিদ্ধান্ত নেন। কিছুদূর যাওয়ার পর একের পর এক গাছের গুঁড়ি পাওয়া যেতে থাকে। এভাবে মোট ৭৪টি গাছের গুঁড়ি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের সুপারভাইজার শাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহকে বিষয়টি অবহিত করি এবং দ্রুত টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। গাছের গুঁড়ি যাতে কেউ সরিয়ে নিতে না পারে, সে জন্য রাতে ঘটনাস্থলে আট সদস্যের একটি টহল টিম মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী সময় সংবাদকে জানান, গাছের গুড়ির প্রকৃত মালিক এখন পাওয়া যায়নি। গাছের গুড়িগুলো জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তাকর্মী নিয়োজিত আছে।

তিনি আরও বলেন, গাছগুলো মূলত আসে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে, এবং এগুলো কাটার জন্য বনবিভাগের অনুমতি প্রয়োজন। সুনির্দিষ্ট মালিক এবং ক্লিয়ারেন্সের প্রমাণ না পাওয়া গেলে জব্দ করা গাছের গুড়িগুলো নিলাম কমিটির সঙ্গে বৈঠক করে নিলামে তোলা হবে।

এর আগে গত বছরও একই কায়দায় গাছ পাচারের ঘটনা ঘটেছিল, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।