কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে হামলা”

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।Play

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে বল জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত জানান, চন্দনাইশে গেজেটধারী জুলাইযোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিন শুক্রবার রাতে সিএনজি টেক্সিযোগে পটিয়া থেকে চন্দনাইশের বাড়ি ফিরছিলেন।

পথে তারা চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা তাদের মুখ চেপে ধরে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি বলেন, আমরা স্বৈরাচারের দোসর জসিমের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম। তখন থেকে তার অনুসারীরা বিভিন্ন প্রলোভন দেখায়। কিন্তু আমরা রাজি হয়নি। এরপর থেকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল।

এ ব্যাপারে আমরা গতকাল থানায় জিডিও করি। তার অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হামলার অভিযোগের ব্যাপারে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দীন আহমদ ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, জুলাই যুদ্ধারা হচ্ছে আমাদের আবেগ। কিন্তু এলডিপি, কিছু সংখ্যক এনসিপি এবং জামায়াত ইসলামী তারা তো জোট। আমি বিএনপির মনোনীত একজন প্রার্থী। আমি চন্দনাইশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দুষ্কৃতিকারী দল ফায়দা হাসিলের উদ্দেশ্যে বদুরপাড়া রাস্তার মাথায় একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে চন্দনাইশবাসীকে জানাতে চাই বদুরপাড়া রাস্তার মাথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং আমাদের ইমেজ ক্ষুন্ন করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার চন্দনাইশের শান্ত পরিবেশকে অশান্ত করার একটি গভীর ষড়যন্ত্র। চন্দনাইশের উন্নয়ন আর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরাজিত শক্তিরা এখন গুজবের আশ্রয় নিচ্ছে। আমরা এই চন্দনাইশের সাধারণ মানুষকে নিয়ে সকল প্রোপাগাণ্ডার জবাব দিব ইনশাল্লাহ। আমার প্রিয় চন্দনাইশ ও সাতকানিয়াবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কোন ধরনের গুজবে কান দিবেন না। সত্যকে আড়াল করা যায়না আর ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে না।

এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি নিয়ে ছায়া তদন্ত চলছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।