ডেস্ক রিপোর্ট:
ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কায় ১৫ জন এবং ভারতে ৩ জন প্রাণ হারিয়েছেন। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ঝড় ও বৃষ্টির কারণে চেন্নাইতে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে, এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে জানা যায়, শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ইতোমধ্যেই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে।
তামিলনাড়ু রাজ্যের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। চেন্নাই বিমানবন্দরে রোববার ভোর ৪টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ছিল।
চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে প্রাণ হারিয়েছেন ১৫ জন, যার মধ্যে পূর্বাঞ্চলে মারা গেছেন ১০ জন। ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। শ্রীলঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।












