হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আগাম নির্বাচনী প্রচারণার অভিযোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশে বলা হয়েছে, মোমবাতি প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি ভিডিওর মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ভিডিওটি ‘দ্য স্পিচ’ নামের ভেরিফায়েড পেজ থেকে প্রকাশিত হয়, যার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার।
কমিটির মতে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করা যাবে না। তবে ভিডিওতে আগাম প্রচারণার উপাদান থাকার কারণে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
নোটিশে তাকে ২০ জানুয়ারি বেলা ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউসের ২০৩ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে নিজে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, আগামীকাল মঙ্গলবার প্রার্থীকে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।











