গাজায় চলমান অবরোধের প্রতিবাদে আন্তর্জাতিক উদ্যোগ Global Sumud Flotilla–এ বাংলাদেশি জাহাজ নিয়ে অংশগ্রহণের বিষয়ে সরকারের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী Shahidul Alam।
সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। শহিদুল আলম বলেন, আগের ফ্লোটিলা উদ্যোগেও প্রধানমন্ত্রী Tarique Rahman সমর্থন দিয়েছিলেন। এবার একই ধরনের উদ্যোগ নিয়েছে Drik Trust।
তিনি জানান, গাজা অবরোধের প্রতিবাদে এই আন্তর্জাতিক নৌ-অভিযানে অংশ নেওয়ার জন্য শুরুতে ২৯ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সম্ভাব্য নতুন তারিখ হিসেবে ১২ এপ্রিল বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
শহিদুল আলম বলেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন প্রশাসনিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা পাওয়া গেলে উদ্যোগটি বাস্তবায়ন সহজ হবে। সেই বিষয়গুলো নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।












