কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণভোট বাস্তবায়নে চাপ বাড়াল এনসিপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

গণভোট কার্যকর করা ছাড়া সরকারের সামনে বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি সতর্ক করে বলেন, কোনো দল যদি আবার স্বৈরাচারী রাজনীতির পথে হাঁটতে চায়, জনগণই তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক মনোভাব পোষণ করছে। জোটের দলগুলো এ বিষয়ে একমত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১০ দিনের কর্মসূচি

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।

‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’ আদর্শ ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকবে।

পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে—
২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর, ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে কর্মসূচি পালিত হবে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এতে এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।