জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায়ের ভিত্তিতেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো রাজনৈতিক অবস্থান গ্রহণ করলে তা টিকবে না।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। তিনি আরও মন্তব্য করেন, দেশে কোনো ধরনের পারিবারিক রাজতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা তিনি ও তার দল মেনে নেবে না।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিত না হলে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া কঠিন হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
সেমিনারে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা মতামত তুলে ধরেন।












