কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের সুফল রাজনৈতিক দলের হাতে, ছাত্রদের সঙ্গে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রাখলেও এর সুফল ভোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনে ছাত্রদের অবদান সবচেয়ে বড় হলেও তাদের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংস্কার পরিষদের শপথ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্টরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জনগণ ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং স্বৈরাচারী কাঠামোর অবসান ও কার্যকর সংস্কারের প্রত্যাশায় ভোট দিয়েছে—কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হলে জাতীয় সংসদেরও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াতে পারে এবং সে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বিচার প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ঘটনায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ঋণখেলাপিদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ারও আহ্বান জানান।