কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খারগ দ্বীপে নতুন করে হামলা, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানজুড়ে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে আবারও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে দ্বীপটির সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তেই এই হামলা চালানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, শর্ত মানা না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, ইরানের খারগ দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান যৌথভাবে এই হামলা চালায়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। সাম্প্রতিক সময়ে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর হামলার তীব্রতা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। সংঘাতের ধারাবাহিকতায় দেশটিতে প্রাণহানির সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।