কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটার সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৪, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আইএফআইসি ব্যাংকের প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত সোমবার (২৪ মার্চ) এ আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনের বিরুদ্ধে এ মামলা করেন। ওইদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সাকিব আল হাসান ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন— সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

পরবর্তীতে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হলেও বাকিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সবশেষ সোমবার এ মামলায় সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন আসামি পলাতক থাকায় বাদীপক্ষ সাকিবের সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করে। তবে চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুটি চেকের অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা।