ডেস্ক রিপোর্ট:
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। কোনো গায়ের জোরে নির্বাচন আয়োজন করবো না। নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়। রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জীবনের শেষ পর্যায়ে এসে একটি সুযোগ পেয়েছি, ভালো কিছু করার চেষ্টা করবো। বর্তমান সরকার এমন কোনো সরকার নয়, যে বিশেষ সুবিধা দিতে কোনো দলের পক্ষে চাপ সৃষ্টি করবে। এই সরকার রাজনীতি করতে আসেনি, এসেছে সংস্কার করতে।”
সিইসি আরও বলেন, “মৃত্যুর মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। সামনে এমন অনেক প্রতিবন্ধকতা আসবে, যার পূর্বাভাস আমরা এখন জানি না। কমিশনের সদস্যরা প্রবীণ হলেও মানসিক দিক থেকে আমরা নবীন। আমরা সব দলকে নির্বাচনের আগে সংলাপে ডাকবো।”
জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়ে নাসির উদ্দীন বলেন, “আমি সর্বশক্তি দিয়ে কাজ করবো। আমার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই। আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং কঠিন দায়িত্ব পালন করেছি। সারাদেশ ঘুরে দেখেছি। চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আমার রয়েছে। দেশের ক্রান্তিকালে এ দায়িত্ব নিয়েছি। সামনে যেকোনো নতুন চ্যালেঞ্জ আসুক, আমি তা মোকাবিলা করবো।”












