কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১০, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলায় চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নিয়ম ভঙ্গের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা জেলা পর্যায় থেকে অনুপস্থিতির কারণ অনুসন্ধান করছি। কেন্দ্রভিত্তিক তথ্য পাওয়ার পরই কেবল স্পষ্ট হবে কেন তারা পরীক্ষায় অংশ নেয়নি। এ বিষয়ে আমাদের বিশেষ পর্যবেক্ষণ রয়েছে।”

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৬ জেলার মধ্যে কুমিল্লায় ৮১২ জন, চাঁদপুরে ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭২ জন, নোয়াখালীতে ৪৪৪ জন, ফেনীতে ১৭৭ জন এবং লক্ষ্মীপুরে ২১১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া, কুমিল্লার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে নিষিদ্ধ উপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

এবার কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। উল্লেখ্য, এবার ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে।

এছাড়াও, এবার ২৩ জন শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা নেওয়া হচ্ছে এবং দুই জন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে।