কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা পুলিশ লাইন্সে পুনাক’র আয়োজনে মৌসুমী ফল উৎসব

প্রতিবেদক
Cumilla Press
জুন ২১, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কুমিল্লা পুলিশ লাইন্স অডিটোরিয়াম ড্রিলসেডে মৌসুমী ফলের উৎসবটি অনুষ্ঠিত হয়। উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, পেঁপে, বাঙ্গিসহ দেশি-বিদেশি নানা রসালো মৌসুমী ফলের সমাহার দেখা যায়।

এ উৎসব ঘিরে পুলিশ সদস্যদের পরিবার, বিশেষ করে নারী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনভর চলা এই আয়োজনে ফল নিয়ে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়, যেখানে সাজানো হয় বাহারি রঙের ও স্বাদের ফলের পসরা।

পুলিশ সদস্যদের পরিবার এই আয়োজনকে স্বাগত জানিয়ে শারমিন আক্তার বলেন, “আমরা পরিবার নিয়ে এখানে এসে খুবই আনন্দিত। এমন আয়োজনে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, ফলের প্রতি আগ্রহ বাড়ে। সবচেয়ে বড় কথা—এটা আমাদের জন্য একদিনের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ।”

উপপুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, “সারাবছর আমাদের পরিবার সীমিত সময় পায় একসঙ্গে কাটানোর। আজকের এই উৎসব আমাদের জন্য বিশেষ। পরিবার ও সিনিয়র স্যারদের সাথে ভাল কিছু সময় অতিবাহিত করলাম।

উৎসবে পরিবারের সাথে আসা ৮ বছরের ছেলে তাসিন খুশির উচ্ছ্বাস নিয়ে বলে, “আমি লিচু আর আম অনেক খেয়েছি। আমার খুব ভালো লাগছে, এত ফল একসাথে আমি কখনো দেখিনি!

অনুষ্ঠানে পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং পুলিশ পরিবারে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাও এই আয়োজনের মূল উদ্দেশ্য। এমন উৎসব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক সদস্যবৃন্দ এবং পুলিশ সদস্যদের পরিবার।