কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দেবিদ্বারে নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরে মামলা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা-৪ আসনের দেবিদ্বারে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল মেরে গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেবিদ্বার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন ভূমি অফিসের নায়েব মো. আলাউদ্দিন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের পক্ষে ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক আয়োজন করে তিন গ্রামের লোকজন। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। উঠান বৈঠকে মাইক চালানোর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক মো. আবদুল আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর রশিদ লেখার সময় একটি ঢিল এসে ম্যাজিস্ট্রেটের গাড়িতে পড়লে গ্লাস ফেটে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট চলাকালে কে বা কারা ঢিল মেরে গাড়ির সামনের অংশ ভেঙে ফেলে যেহেতু এটি সরকারি সম্পত্তি তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, রাতে একটি উঠান বৈঠকে আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করার পর কে বা কারা ঢিল মেরে ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সরকারি সম্পত্তি নষ্ট করায় অজ্ঞাতনামা আাসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, মোবাইল কোর্ট চলাকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভাঙার ঘটনায় থানায় দেবিদ্বার পৌরসভার ভূমি অফিসের নায়েব মো. আলাউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।