কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ ঘটনায় বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টার পর হঠাৎ বাসস্ট্যান্ড এলাকায় কালো ধোঁয়া দেখা গেলে পরিবহন শ্রমিকরা এগিয়ে এসে তিনটি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে কয়েকজন সন্দেহভাজন মাদকসেবীকে বাস থেকে বের হতে দেখা গেছে। তাদের ধারণা, মাদক সেবনের পর কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।












