স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ সাগর নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর ইউনিয়নের চান্দ্রশ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং নিহত সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রামে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে তিনজন সিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। কুমিল্লা হাসপাতালে সাগরের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।












