শাহ ইমরান:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএসটিআই এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিএসটিআই এর পণ্য সনদ গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার অভিযোগে এই জরিমানা করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলার সিলভার ফুড প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই বিস্কুট ও পাউরুটি উৎপাদন এবং বাজারজাত করার কারণে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মুসলিম ফুড এন্ড বেকার প্রতিষ্ঠানকে বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া ডিজিটাল স্কেল ব্যবহার করার দায়ে ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরয়ার লিমা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) কাজী মোঃ শাহান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ হাফিজুর রহমান।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












