কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বারে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আবুল হাসনাত অপু (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. আবুল হাসনাত অপু উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. আবুল খায়ের আলমের ছেলে এবং সুলতানপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার দুপুরে হাসনাতকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়। এর আগে গতকাল বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. আবুল হাসনাত অপু। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে হাসনাতকে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামি আসামি। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবুবকরকে হত্যার চেষ্টার তথ্যপ্রমানে তাকে গ্রেপ্তার করা হয়।