স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়, মাদক, দেশীয় অস্ত্রসহ চিহ্নিত কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাতে ৩৩ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর এর আওতায় কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প সেনাবাহিনীর একটি দল কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার কোরপাই গ্রামের দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়নচন্দ্র শীল, কোতোয়ালি থানার চম্পকনগর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন এবং একই এলাকার কবির উদ্দিনের ছেলে তুহিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, অভিযানে সেনাবাহিনীর ইউনিফর্মের তিন গজ কাপড়, ৭৮ পিস ইয়াবা, একটি চাপাতি, একটি কুড়াল, একটি বড় ছুরি, দুটি কাচি, একটি কাটিং প্লাস, সিসিটিভির ডিভিআর, একটি সেলাই রেঞ্জ, ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরণের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন। যা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।












