স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর গুলি করা বাদশা ফাহিম কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ২ নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার ফাহিমের ফুফুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: ফাহিম হোসেন কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপূর গ্রামের মো: হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ টি মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মহিনুল ইসলাম।
পুলিশ জানায়, ৩রা আগষ্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে আটক করা হয়।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মহিনুল ইসলাম বলেন, ফাহিমের পূর্বের একাধিক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫ টি মামলা রয়েছে। সকল আইনী প্রক্রিয়ার শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।












