কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে শরীরের ভেতরে ইয়াবা বহনকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ২নং দুর্গাপুর ইউনিয়নের আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে একটি চক্ষু হাসপাতালের গলির মুখে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি আব্দুল হাকিম (৪০)। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এলাকায়।
পুলিশ জানায়, সন্দেহজনক অবস্থায় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি অসংলগ্ন কথা বলেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তিনি শরীরের ভেতরে ইয়াবা লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে তাকে নিকটস্থ একটি টয়লেটে নেওয়া হলে উপস্থিত সাক্ষীদের সামনে তিনি নিজ হাতে পলিথিন ও কসটেপে মোড়ানো ২৪টি প্যাকেট বের করেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বিশেষ কৌশলে শরীরের ভেতরে লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তিনি বিভিন্ন বাসে করে এসে ঘটনাস্থলে নেমে ঢাকাগামী আরেকটি বাসের অপেক্ষায় ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












