স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাত (৩৬) এর মরদেহ উদ্ধার হওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে হত্যার মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার রনি মিয়া (২২) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে পরোটা বিক্রি করতেন। সহকারী হিসেবে ওই কক্ষে তার সাথে থাকতেন রনি মিয়া। বুধবার (২৫ ডিসেম্বর) ওই ঘর থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই রনি পলাতক ছিলেন।
তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতার রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাত এবং রনি মিয়া একসাথে পরোটা তৈরি করে বিক্রি করতেন এবং একসাথে একই কক্ষে থাকতেন। ২৩ ডিসেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পড় দেন, তখন রনি কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যান। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তি ও ঘটনাস্থলে থাকা আলামত এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ৬ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার দায় স্বীকার করেছেন। এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।












