রমজান উপলক্ষে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কুমিল্লায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অবস্থিত ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ, শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার (ট্যাংক)-এ মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া প্রতিষ্ঠানটির কোনো হালাল সনদ না থাকলেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাত করার মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, মো: কাউছার মিয়া
নিরাপদ খাদ্য অফিসার মো: জুয়েল মিয়া,
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (RAB CPC-২ কুমিল্লা)-এর প্রতিনিধি মো: কাজী মাসুদ আলম,
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লার প্রতিনিধিগণ।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, মো: কাউছার মিয়া জানান, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করতে ব্যবসায়ীদের প্রতি আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।












