স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সীমান্তে দুটি পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো মোবাইল ফোন ও ভারতীয় কাপড়সহ সোয়া কোটি টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটির সদস্যরা।
সোমবার (২৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আমানগন্ডা বিওপির সদস্যরা চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালায়। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর কাচিগাং এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২১টি নতুন ও পুরনো ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলের বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।
অন্যদিকে, কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা কুমিল্লা সদর উপজেলার পাচথুবী হাইস্কুলের কাছে অভিযান চালিয়ে ভারতীয় বাজি, শাড়ি, কাশ্মীরি শাল ও গেঞ্জিসহ নানা পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ৯৭০টি বাজি, ৫৮০টি শাড়ি, ১৩৫টি কাশ্মীরি শাল, ৫৭টি শার্ট, ৩৯৬টি গেঞ্জি এবং ১টি মিনি ট্রাক। এসব পণ্যের মোট মূল্য প্রায় ৫৬ লাখ ৩৭ হাজার টাকা।
বিজিবি কর্মকর্তা জানান, জব্দকৃত সব পণ্য বিধিমতো কাস্টমস অফিসে জমা করা হবে।












