কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পরকীয়া প্রেমিকার ঘরে মিলল প্রেমিকের মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার বাসা থেকে টিপু সুলতান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান একই উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। আটক রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান জানান, টিপু সুলতান পেশায় পাইপ ফিটিং মিস্ত্রি ছিলেন। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়া সম্পর্ক ছিল। শনিবার রাত ১০টার দিকে টিপু তার চাচাতো বোন আঁখির সঙ্গে ফোনে কথা বলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি। শেষে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়।

মহিবুর রহমান আরও বলেন, সন্ধ্যার পর আমরা জানতে পারি যে রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। আমাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এসআই দিলিপ কুমার মজুমদার বলেন, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায়, তার ঘরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জেরেই এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রূপা আক্তারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।