কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৫, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় অসাধু সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য প্রতিহত করতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি বিক্রি শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

‘কৃষক-জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’ স্লোগান নিয়ে শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর পূবালী চত্বরে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়। এই ভ্রাম্যমাণ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন নিত্যপণ্যের মধ্যে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সা, আলু ৫৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২১০ টাকা, মাঝারি লাউ ৩০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, এবং পটল ৪৫ টাকা কেজি দরে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাজারে শাকসবজির দাম বৃদ্ধির প্রতিবাদে তারা পাইকারি আড়ৎ থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করছেন। সিন্ডিকেট ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে। এ ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা কামনা করেছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অসাধু সিন্ডিকেটের অপতৎরতা ঠেকাতে আমাদের এই উদ্যোগ। সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতেই আমরা এটি করছি। আগামী ১০ দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তিনি জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লার পূবালী চত্বরে এই কার্যক্রম চলমান থাকবে।

ক্রেতাদের মধ্যে অনেকেই বলছেন, শিক্ষার্থীদের বিক্রি করা দামে বাজারের তুলনায় অন্তত ৫ থেকে ১০ টাকা কম। স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে তারা এই দোকানে ভিড় করছেন।

কামাল উদ্দিন নামের একজন ক্রেতা বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসনীয়। মানুষের কাছে স্বল্প মূল্যে পণ্য পেতে সহায়তা করছে। প্রশাসনের উচিত বাজার মনিটরিং আরও শক্তিশালী করা। শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে, তা সাধারণ মানুষের জন্য খুবই কার্যকর।