ডেস্ক রিপোর্ট:
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত থেকে আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন
গ্রেপ্তাররা হলেন আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের পরিচয় শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানার সামনেই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। পরে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার। এরপর অভিযানে নামে পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের শেষে বিকেল ৩টায় আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’












