ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার রামমালায় কাভার্ডভ্যান চাপায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সরকারের (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চাটুয়াখোলা গ্রামে। তিনি আব্দুল কুদ্দুস সরকারের ছেলে।
ইমন তার ভাই সুমনের সাথে একটি ওষুধ কম্পানির কাজে নগরীর রামমালায় এসেছিলেন বলে জানা গেছে। তারা কুমিল্লা কোটবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত ইমনের বড় ভাই সুমন সরকার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইমন ও তার ভাই সুমন সরকার রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন।
এ সময় রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ইমন। একই সময় পিছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সুমনের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই ইমন মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত অবস্থায় হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন।
ইমনের বাড়ির মালিক জুয়েল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে টমছমব্রিজ এলাকায় এসেছি।
স্থানীয়দের সাথে কথা বলে শুনেছি অটোরিকশার ধাক্কায় ইমন ও সুমন দুইজন রাস্তায় পড়ে যায়। পরে একটি কাভার্ডভ্যান ইমনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইমনের ভাই সুমন নগরির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার জ্ঞান ফিরলে মূল ঘটনা জানা যাবে। ইমন কুমিল্লার নিউমার্কেটের একটি দোকানের কর্মচারীর কাজ করতেন।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুমন ও ইমন দুই ভাই রাস্তার পাশে হাঁটার সময় কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইমনের পরিবারের সদস্যরা এলে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হবে। ইমনের ভাই সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করেছে।












