কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ঈদের ২য় দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য, ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদক
Cumilla Press
জুন ৮, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করা হয়নি। দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট হচ্ছে পরিবেশ। কুমিল্লায় ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

রবিবার রাত সাড়ে ৮ টায় সারেজমিনে গিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকার দৃশ্য দেখা যায়। এতে করে দুর্গন্ধের অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। কুমিল্লা নগরীর দারোগাবাড়ি এলাকায় ডাস্টবিন ভরে কোরবানি পশুর বর্জ্য রাস্তায় ছড়িয়ে পড়ে আছে। এমন দৃশ্য দেখা গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের চকবাজার মৌলভীপাড়া, ৬ নং ওয়ার্ডের গর্জনখোলাসহ বেশ কিছু এলাকায়। এইসব এলাকার রাস্তাঘাটের পাশে আবর্জনার স্তূপ ও কোরবানির বর্জ্য এখনো পড়ে রয়েছে। দুইদিন একই জায়গায় বর্জ্য পড়ে থাকা এবং পশু পাখির মাধ্যমে এই সব বর্জ ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেগুলো থেকে বের হচ্ছে পচা দুর্গন্ধ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পথচারীরা।

রবিবার রাত সাড়ে আটটায় কুমিল্লা নগরীর দারোগাবাড়ি এলাকার মোবারক হোসেন বলেন, এইগুলো আবর্জনার স্তূপটি ঈদের দিনের কোরবানির বর্জ্য। ২ দিন হয়ে গেলেও সিটি কর্পোরেশন থেকে কেউ আসে নাই এইগুলো নেয়ার জন্য। দুর্গন্ধে রাস্তায় হাটাহাটি তো দূরের কথা বাড়িতেও থাকা যায় না। ঘরের বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে। দারোগা বাড়ি এলাকায় মাজার জিয়ারত করার জন্য নগরীর বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে নামাজ ও মাজার জিয়ারত করার জন্য। দুর্গন্ধের কারণে অতিষ্ট মুসল্লিরা।

একই এলাকার রৌশন আরা বেগম বলেন, ঈদের দিনের কোরবানির বর্জ্য এখনো অপসারণ করা হয়নি। দুর্গন্ধে ঘরে থাকা দায় হয়ে গেছে। রাস্তায় বের হওয়া যাচ্ছে না। আজকে দুইদিন হয়েছে এই বর্জ্য। সিটি কর্পোরেশন এইগুলো অপসারণ করে নাই। আমরা এলাকাবাসী চরম বিপদে পড়ে আছি।

কুমিল্লা চকবাজার মৌলভীপাড়া এলাকার পাপন বলেন, ভাই গতকালের কোরবানি বর্জ্য এখনো পড়ে আছে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে গেছে। তাছাড়া পশু পাখির মাধ্যমে এইসব বর্জ্য রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে চলাফেরা করা দায়। সিটি কর্পোরেশন ১২ ঘন্টার মধ্যে এই সব বর্জ্য অপসারণ করার কথা বললেও এখনো বর্জ্য পড়ে আছে এলাকায়।

এই বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন বলেন, কোরবানির বর্জ্য অপসারণে আমাদের ৫২৪ জন কর্মী ৫২ টি পরিবহন নিয়ে কাজ করছে। আমরা বলেছিলাম ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। আমরা কালকে সারাদিন সিটি কর্পোরেশন এলাকায় কাজ করেছে। আপনি যে এলাকার গুলোর কথা বলছেন হয়তো আজকের কোরবানির বর্জ্য। বর্জ্যগুলো কালকের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, কালকের হওয়ার কথা তারপরও আমি এইগুলো অপসারণ করার জন্য বলছি।